1
2
| প্রকাশের তারিখঃ ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
টেকনাফে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নিজস্ব প্রতিবেদক
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭) এবং অপর এক জেলের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের দাবি, জেলেরা বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে তাদের ধাওয়া করে। পরে অস্ত্রের মুখে ট্রলারসহ তিন জেলেকে আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়।
শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর আগেও একই এলাকা থেকে ৩০ থেকে ৪০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে সীমান্তবর্তী এলাকার জেলেরা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয় এবং মাঝেমধ্যেই সাধারণ জেলেরা এমন ঘটনার শিকার হচ্ছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি জেলেদের জলসীমা অতিক্রম না করার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় জেলেদের নিবন্ধনের মাধ্যমে জলসীমা অতিক্রম রোধের বিষয়েও আলোচনা হয়েছে।
এদিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় জেলেরা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তবে অপহৃত জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত