1
2
| প্রকাশের তারিখঃ ০৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ওমানে বাংলাদেশিদের নতুন সুযোগ, কৃষি খাতে নেওয়া হবে ৫ হাজার শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির কৃষিখাতে বাংলাদেশিদের জন্য ৫ হাজার শ্রমিক নেওয়ার অনুমোদিত কোটা নির্ধারণ করা হয়েছে।
ওমানের সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার জানিয়েছে, ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ)-এর উদ্যোগে দেশটির শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনক্রমে এই নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে।
এ উদ্যোগের ফলে ওমানের কৃষকরা এখন বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন। তবে প্রাথমিকভাবে কেবল ওএএ-এর আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যরাই আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনকারীদের কৃষিজমির মালিকানা বা ইজারার সনদ (হিয়াজা), জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের ফসলের ধরন ও আবাদকৃত জমির বিবরণসহ কৃষি আবাদ ফরমের অনুলিপি জমা দিতে হবে।
ওএএ জানিয়েছে, আগামী ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কার্যদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফা এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে আবেদন গ্রহণ করা হবে। অসম্পূর্ণ আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জমা দেওয়া আবেদন সরাসরি বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।
ওমানের সরকারি সংস্থা সনদ সার্ভিসেস-এর এক কর্মকর্তা জানান, দেশজুড়ে নিবন্ধিত কৃষি সমিতিগুলোর জন্য বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদিত কোটা রাখা হয়েছে। এই কোটা বিভিন্ন গভর্নরেটে ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে প্রতিটি গভর্নরেট বা কৃষি সমিতি সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগ করতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ওমানের কৃষিখাতে দক্ষ ও পরিশ্রমী বাংলাদেশি শ্রমিকদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত