1
2
| প্রকাশের তারিখঃ ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চে যাওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশের জনগণের অধিকার আদায়ের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলের আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসসংকটসহ বিভিন্ন জনদুর্ভোগের প্রতিবাদে এ লংমার্চ কর্মসূচি পালন করা হবে। তিনি সতর্ক করে বলেন, কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে সফল করা হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।
কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং গ্যাস, বিদ্যুৎসহ মৌলিক সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ছাত্রদল আবারও ছাত্রলীগের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলো দখলের চেষ্টা করছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে এবং সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপণ্যের দাম ও বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে।
১১ দলের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত