1
2
| প্রকাশের তারিখঃ ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশ সিলেট রেঞ্জ ডিআইজির
নিজস্ব প্রতিবেদক
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
সিলেট রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে চলমান পুলিশি উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান। এ সময় রেঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা শেষে ডিআইজি জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। তিনি জেলা ও থানা পর্যায়ে গোয়েন্দা তৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
এ ছাড়া মুলতবি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং তদন্ত কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত দক্ষ, পেশাদার ও কর্তব্যনিষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। তাঁদের নিষ্ঠা, সততা, সাহসিকতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে ডিআইজি মো. জিল্লুর রহমান জনগণের দোরগোড়ায় মানসম্মত, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও সদস্যকে নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত