1
2
| প্রকাশের তারিখঃ ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১৫ আগস্ট পর্যন্ত চলবে নিরাপত্তা কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৫ আগস্টকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল কার্যক্রম শুরু করেছেন।
প্রশাসন জানায়, বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যৌথ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখবে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত