1
2
| প্রকাশের তারিখঃ ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্ন বাংলাদেশ গঠন এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, “আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলতে চাই। বিষয়টি হলো আমাদের পরিবেশ। এটি সমাজের প্রতিটি মানুষকে সরাসরি স্পর্শ করে।”
তিনি বলেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান বাস্তবতার বড় পার্থক্য তৈরি হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট, হাট-বাজার এবং জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ নানা ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, “নিজের ঘর যদি আবর্জনায় ভরে থাকে, তা কি আমাদের ভালো লাগবে? নিশ্চয়ই না। তাহলে আমরা কেন আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখব না?”
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন রাস্তায় চলাচল করেন। যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনার কারণে যেমন মানুষের চলাচলে অসুবিধা হয়, তেমনি পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
দেশের পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পুকুরপাড় ও জলাশয়ে আবর্জনার স্তূপ দেখা গেছে। অথচ একসময় এসব স্থান ছিল মানুষের অবসর কাটানোর অন্যতম সুন্দর জায়গা।
এ সময় পার্ক, পর্যটনকেন্দ্র ও বিনোদনস্থলে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক, প্লাস্টিকের বোতল কিংবা বাদামের খোসা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, দেশটা আমাদের সবার। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে সামান্য সচেতন হই, তাহলে সম্মিলিতভাবে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত