1
2
| প্রকাশের তারিখঃ ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
গাছ ফেলে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, টেকনাফ মহাসড়কে দুঃসাহসিক ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে চলন্ত একটি পালকি বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিকাশের দুই সেলসম্যানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
রোববার দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন বেদবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার আরমান (২৮) এবং সাবরাং কাটাবনিয়া এলাকার একরাম (২৩)। তারা দুজনই বিকাশের সেলসম্যান হিসেবে কর্মরত।
আহত আরমানের চাচা জাফর জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর আরমান ও একরাম টেকনাফ থেকে পালকি বাসে করে হ্নীলার একটি বিকাশ এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা একদল ডাকাত মহাসড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাস থামার সঙ্গে সঙ্গে দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি নিয়ে কয়েকজন ডাকাত বাসে উঠে বিকাশের দুই কর্মীর ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কাছে থাকা প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
ঘটনার পর আহত দুই কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া কিছু সরঞ্জাম উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত