1
2
| প্রকাশের তারিখঃ ০১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ আষাঢ়ী পূর্ণিমা-২০২৬ উপলক্ষে বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডব্লিউএফবি-ওয়াই) ও বিশ্ব বৌদ্ধ সংহতি সংঘ (ডব্লিউএবি)-এর আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সিলেট মহানগরীর প্রাণকেন্দ্রে ‘সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের সার্বিক সহযোগিতায় স্বপ্নের বিদ্যানিকেতন স্কুল ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তপতি বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয় ও সেতু বড়ুয়া মুক্তা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, নিউজ বাংলা-এর সিনিয়র স্টাফ রিপোর্টার আমীর হোসেন সোহাগ, ‘সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ, সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি, সাকিব আহমেদ, সহ-প্রচার সম্পাদক আরমান খান রাব্বি, সুপার উইমেন্স টিমের সহ-সভাপতি আকলিমা বেগম এবং প্রচার সম্পাদক তানজিনা আক্তারসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, শুভ আষাঢ়ী পূর্ণিমার ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বন উজাড় ও পরিবেশ দূষণের বর্তমান সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তাদের মতে, একটি পরিণত গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং কার্বন ডাই-অক্সাইড শোষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, “আজকে করছি বৃক্ষ রোপণ, নিত্য করবো তাদের যতন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুধু গাছ লাগানো নয়, বরং প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী স্বপ্নের বিদ্যানিকেতন স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষা ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত