1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শিল্পখাতের গ্যাস সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশের শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেক্সটাইল খাতের সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বৈঠক শেষে তিনি বলেন, দীর্ঘদিন সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। তবে বর্তমান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।
শওকত আজিজ রাসেল আরও বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। খাতটির সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
তিনি জানান, যেসব শিল্পকারখানা পুরোপুরি বন্ধ রয়েছে বা আংশিক উৎপাদন চালাচ্ছে, সেসব প্রতিষ্ঠানের কোথায় এবং কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নির্ধারণের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার।
বিটিএমএ সভাপতি আশা প্রকাশ করেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়িত হলে গ্যাস সংকট কাটিয়ে টেক্সটাইল শিল্পে উৎপাদন স্বাভাবিক হবে এবং দেশের অর্থনীতি ও রপ্তানি খাত আরও গতিশীল হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত