1
2
| প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
পর্যালোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এসব কার্যক্রম পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহি আরও শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত