1
2
| প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ব্যক্তিস্বাধীনতার পক্ষে সোচ্চার শিক্ষিকারা, ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়া এক প্রধান শিক্ষিকার প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে অভিনব প্রতিবাদ শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা। চার দশক আগে লেখা জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ এখন তাদের কাছে সংহতি, ব্যক্তিস্বাধীনতা ও প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে।
ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালকে ঘিরে। গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে হালকা বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে ধীর পায়ে হাঁটতে দেখা যায় তাকে। পেছনে বাজছিল জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এর পরপরই দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষিকা একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও প্রকাশ করতে শুরু করেন। বিদ্যালয় প্রাঙ্গণ, কর্মস্থল কিংবা ব্যক্তিগত পরিবেশে ধারণ করা এসব ভিডিওর মাধ্যমে তারা বিউটি রাণীর প্রতি সংহতি প্রকাশ করছেন।
প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের ভাষ্য, শিক্ষকতা একটি মহান পেশা হলেও একজন শিক্ষকও একজন সাধারণ মানুষ। দায়িত্ব পালনের পাশাপাশি তার ব্যক্তিগত অনুভূতি, নান্দনিকতা ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতাকে সম্মান জানাতেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
মাদারীপুরের সহকারী শিক্ষিকা সামিয়া শিকদার লিখেছেন, বিউটি রাণী পাল ম্যাডামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রাণী পাল। আমরা মাথা নত করব না, সম্মান নিয়ে এগিয়ে যাব।
কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিংকি বলেন, অন্যায় সমালোচনার বিরুদ্ধে শিক্ষকদের এই ডিজিটাল সংহতি প্রমাণ করেছে, প্রয়োজন হলে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে পারেন। তিনি আরও লেখেন, “সমালোচনা হোক, তবে তা যেন যৌক্তিক হয়।
অন্যদিকে চট্টগ্রামের শিক্ষিকা জয়ন্তী ভৌমিক প্রশ্ন তোলেন, “শিক্ষক যদি হাসেন, সাজেন, ভ্রমণে যান কিংবা ছবি পোস্ট করেন, তাতেও যদি আপত্তি থাকে, তাহলে কি শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হওয়ার অধিকারও হারিয়ে ফেলতে হবে?
শিক্ষকদের এ উদ্যোগকে অনেকেই পেশাগত পরিচয়ের বাইরে ব্যক্তিস্বাধীনতা, মর্যাদা এবং পারস্পরিক সংহতির প্রকাশ হিসেবে দেখছেন। গত দুই দিনে একই গান ব্যবহার করে হাজারো ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ১৯৮৭ সালে খুলনায় রচনা করেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। দীর্ঘ সময় পর সেই প্রেমের গান নতুন এক সামাজিক প্রেক্ষাপটে এসে শিক্ষকদের সংহতি ও প্রতিবাদের প্রতীক হিসেবে নতুন মাত্রা পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত