1
2
| প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শিক্ষার্থীদের আন্দোলনের বিজয়, সরকারকে কড়া বার্তা রাহুলের
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘটিত সহিংসতার জন্য সরাসরি দায়ী করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কারের জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তথ্য অনুযায়ী, এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহারের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুমোদনেই দেওয়া হয়েছে।
তিনি বলেন, "শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য আমরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করি। তাঁর অনুমতিতেই শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহার করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা সংসদে জোরালোভাবে এটি উত্থাপন করব।"
রাহুল গান্ধী আরও বলেন, সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ইতিবাচক পদক্ষেপ হলেও শুধু একজন মন্ত্রীর পদত্যাগে সমস্যার সমাধান হবে না। শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি দাবি করেন, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকেও ক্ষমা প্রত্যাশা করছেন।
আরএসএসের সমালোচনা করে রাহুল বলেন, "ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরএসএস। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়ী হন, তাহলে আরএসএসও সমানভাবে দায়ী। তারা উইপোকার মতো দেশের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।"
বক্তব্যের শুরুতেই আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, একসময় যে শিক্ষা ব্যবস্থা ভারতের গর্ব ছিল, সেটিকে ধীরে ধীরে দুর্বল ও বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন সেই পরিস্থিতিরই প্রতিক্রিয়া বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত