1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ৮০৩
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০৮ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩৩ জনের হাম নিশ্চিত হয়েছে, আর ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত