1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন, হবে অবাধ ও নিরপেক্ষ : স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
আগামী বছরের প্রথমদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ সুবিধা থাকবে না; জনগণের ভোটেই জনপ্রতিনিধিদের নির্বাচিত হতে হবে।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যসহ সকল জনপ্রতিনিধিকে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করেই নির্বাচিত হতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি, আর সেই ভিত্তিকে শক্তিশালী করতেই সরকার কাজ করছে।
তিনি বলেন, দেশে নতুন করে বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা হচ্ছে। ধর্মের নামে মানুষকে বিভক্ত করার প্রবণতা দেশের জন্য শুভ নয়। ইসলাম অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই সব ধর্মের মানুষের প্রতি সমান মর্যাদা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিজের ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও সমান শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্র ও দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। স্বাধীনতার পর এমন একটি কাঠামোর প্রত্যাশা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার স্থানীয় সরকারকে আরও কার্যকর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তব্যের একপর্যায়ে তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটি ক্ষমতায় থাকাকালে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অতীতের নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত