1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জাতিসংঘে সড়ক নিরাপত্তা অধিবেশনে যৌথ-সভাপতির দায়িত্বে সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ-সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, কেবল শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়, সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেসব প্রতিষ্ঠানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পরিকল্পনা ও নীতিমালার পাশাপাশি বাস্তব প্রয়োগই সড়ক নিরাপত্তা নিশ্চিত করার মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালনা করতে হবে।
শেখ রবিউল আলম বলেন, সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীল নেতৃত্ব এবং সবার অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত