1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
অপতথ্য ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর সরকার : তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সরকার অপতথ্য ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, যারা মিথ্যা তথ্য ও গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে এবং এ সপ্তাহেই এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের সময় হত্যা ও অন্যান্য অপরাধে জড়িত পুলিশ ও প্রশাসনের সদস্যদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ১৭ বছরের গড়ে ওঠা ‘ফ্যাসিস্ট কাঠামো’ রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। সে ক্ষেত্রে দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে। তবে এ ধরনের পরিবর্তন সরকারের ১৮০ দিনের মধ্যে হবে নাকি আরও পরে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।
এ ছাড়া, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর পরও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, যথাযথ যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত