1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রামগতিতে তরুণী ধর্ষণ, অভিযুক্তকে আটক করে জেলহাজতে পাঠাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
মো: হাসান হাওলাদার, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. তারেক হাসান (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রামগতি থানায় দায়ের করা মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা আব্দুল বাছেক অভিযোগ করেন, অভিযুক্ত তারেক হাসান দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৩ জুন রাত আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে গিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, ভয় ও মানসিক চাপে ভুক্তভোগী দীর্ঘদিন ঘটনাটি গোপন রেখেছিলেন। পরে ১৩ জুলাই অভিযুক্তের মোবাইল ফোন থেকে ঘটনার ভিডিও এক আত্মীয়ের মোবাইলে পাঠানো হলে বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর ভুক্তভোগী পুরো ঘটনা জানালে তার বাবা রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. তারেক হাসানকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর বাবা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিঠন দেওয়ান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত