বাবুল মিয়া, স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টোল আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন নৌ মালিক সমিতি, স্টোনক্রাশার মালিক সমিতির সদস্য এবং নৌ-শ্রমিকরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার যাদুকাটা নদীর তীরবর্তী পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নৌ মালিক, ব্যবসায়ী ও শ্রমিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত প্রতি সেফটিতে ৫০ পয়সা টোল আদায়ের বিধান থাকলেও ফাজিলপুর ও কামালপুর টোলঘাটে ইজারাদার ও তাদের লোকজন জোরপূর্বক প্রতি সেফটিতে ৩ টাকা করে আদায় করছেন। নির্ধারিত অর্থ দিতে চাইলে নৌকা আটকে রাখা, শ্রমিকদের মারধর এবং ব্যবসায়ীদের হয়রানির অভিযোগও তোলেন তারা।
বক্তারা বলেন, প্রতিটি টোলঘাটে সরকার নির্ধারিত টোল তালিকা ও সাইনবোর্ড প্রদর্শনের নিয়ম থাকলেও অধিকাংশ স্থানে তা নেই। এই সুযোগে ইজারাদারের লোকজন ইচ্ছামতো অতিরিক্ত অর্থ আদায় করছেন।
তাদের দাবি, এক সপ্তাহ আগে অতিরিক্ত টোলের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক দেওয়া হলে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বৈঠকে সরকার নির্ধারিত ৫০ পয়সা হারে টোল আদায়ের সিদ্ধান্ত হয়। কিন্তু মাত্র দুই দিন পরই আবারও আগের মতো অতিরিক্ত টোল আদায় শুরু হয়।
বক্তারা বলেন, এলসির মাধ্যমে পাথর এনে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট পরিশোধ করার পরও টোলের নামে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। এতে ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এবং শ্রমিকদের জীবন-জীবিকাও হুমকির মুখে।
মানববন্ধন থেকে অতিরিক্ত টোল আদায় অবিলম্বে বন্ধে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পুনরায় নৌ ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।