1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রোয়াংছড়ি-কচ্ছপতলী সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি
নিজস্ব প্রতিবেদক
চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে কচ্ছপতলী সংযোগ সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ধস দেখা দেওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি এই সড়কের একাধিক স্থানে বড় ধরনের ফাটল ও ধসের কারণে যান চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ধসের প্রভাবে সড়কটির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কোথাও কোথাও সড়কের বড় অংশ ধসে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রোয়াংছড়ির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুমে যাওয়ার একমাত্র সড়ক এটি। প্রতিদিন শত শত পর্যটক কচ্ছপতলী হয়ে দেবতাখুমে যাতায়াত করেন। সড়কের বেহাল অবস্থার কারণে পর্যটকদের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য পরিবহনেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে পর্যটন খাত ও স্থানীয় অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে রোয়াংছড়ি ও কচ্ছপতলীর সরাসরি যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। বর্ষার বৃষ্টি আরও বাড়লে কচ্ছপতলী এলাকা উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
এ অবস্থায় সড়কটি দ্রুত ও টেকসইভাবে সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সড়ক বিভাগের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তারা বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে জনদুর্ভোগের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত