1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রাজস্থলীতে জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর জরুরি উদ্যোগ, স্বস্তি ফিরছে জনজীবনে
নিজস্ব প্রতিবেদক
রাজস্থলী প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জরুরি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন (৩৮ বীর)। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
টানা বৃষ্টিতে বাঙ্গালহালিয়া বাজার, ডাকবাংলা মধ্যমপাড়া, দক্ষিণেশ্বর কালী মন্দিরের পেছনের এলাকা এবং আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবারের বাড়িঘর ও উঠানে হাঁটুসমান পানি জমে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়।
কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি-এর নির্দেশনায় বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. এস. আরেফিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বাজার ও আশপাশের দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা ড্রেন বুলডোজার দিয়ে পরিষ্কার করে পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু করা হয়। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মেজর মো. এস. আরেফিন বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সেনাবাহিনী জনদুর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে। প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসাসেবা, উদ্ধার কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্র জানায়, ডাকবাংলা পাড়ার ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়া এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে। সেনাবাহিনীর উদ্যোগে সেই বাধা অপসারণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে। উপজেলার তিনটি ইউনিয়নে মোট নয়টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ হাসান আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করে পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত