1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
টানা বৃষ্টিতে রোয়াংছড়ি বিচ্ছিন্ন, পাহাড় ধসের শঙ্কায় আতঙ্কিত জনপদ
নিজস্ব প্রতিবেদক
চিংনুমং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি :
টানা চার দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে রোয়াংছড়ি-বান্দরবান প্রধান সড়কের একাধিক স্থান পানিতে তলিয়ে যাওয়া এবং পাহাড় ধসে মাটি সড়কে পড়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঝিরি ও নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে জেলা সদরে যাতায়াত করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত চার দিন ধরে পুরো রোয়াংছড়ি উপজেলা বিদ্যুৎহীন রয়েছে। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা ভেঙে পড়া এবং কয়েকটি খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দিনরাত কাজ করছেন রোয়াংছড়ি বিদ্যুৎ বিভাগের কর্মীরা। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে তারা জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন এই পরিস্থিতিতে জনসাধারণের সহায়তায় মাঠে নেমেছে হাংসামা বিজিবি সদরদপ্তরের একটি বিশেষ প্রতিনিধি দল। ক্ষতিগ্রস্ত সড়ক থেকে প্রতিবন্ধকতা অপসারণ, যাতায়াত স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
অন্যদিকে, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে এবং যেকোনো জরুরি উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে সতর্কতামূলক মাইকিং এবং উদ্ধার প্রস্তুতি অব্যাহত রেখেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া, পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং দুর্যোগ সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের আশা, আবহাওয়ার উন্নতি হলে প্রশাসন, বিজিবি, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সমন্বিত প্রচেষ্টায় দ্রুতই রোয়াংছড়ির পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত