1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বৃষ্টির পানিতে কাপ্তাই লেক পরিপূর্ণতার পথে, বিদ্যুৎ উৎপাদনে নতুন গতি
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি প্রতিনিধি :
টানা কয়েকদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রটির সবকটি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির স্তর কয়েকদিন ধরে বাড়ছে। এর ফলে পানির ওপর নির্ভরশীল বিদ্যুৎ কেন্দ্রটির পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে পাঁচটি ইউনিট থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট করে ৬৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ২৫ মেগাওয়াট করে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কেন্দ্রের প্রকৌশলীরা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ৭৯ দশমিক ৮৬ ফুট মিন সি লেভেল। যদিও রুলকার্ভ অনুযায়ী এ সময়ে পানির থাকার কথা ছিল ৮৪ দশমিক ৯৬ ফুট মিন সি লেভেল।
তারা আরও জানান, দীর্ঘদিন পানির স্বল্পতার কারণে গত কয়েক মাস ধরে কখনো একটি, কখনো দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে বৃষ্টির কারণে পানির পরিমাণ বাড়ায় সোমবার তিনটি, মঙ্গলবার সকালে চারটি এবং সন্ধ্যায় পাঁচটি ইউনিট চালু করা হয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই লেকে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল। বর্তমানে পানির উচ্চতা ধারণক্ষমতার তুলনায় কম থাকলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত