1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
এমবাপ্পেকে বর্ণবাদী মন্তব্য, প্যারাগুয়ের সিনেটরকে ঘিরে তীব্র সমালোচনা
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্যারাগুয়ের সিনেটর চেলেস্টে আমারিলা। তার মন্তব্যের নিন্দা জানিয়েছেন এমবাপ্পে, ফ্রান্স ফুটবল ফেডারেশন, প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্টসহ দেশ-বিদেশের অনেকেই। এবার এই ঘটনায় এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ লিখেছেন, “কিলিয়ান এমবাপ্পের আরেকটি গোল। এবার বর্ণবাদের বিরুদ্ধে। তার প্রতি আমার পূর্ণ সমর্থন রইল। শব্দ যখন কলুষিত করে, তখন আমাদের মূল্যবোধই জবাব দেয়- মর্যাদা, সম্মান ও ভ্রাতৃত্ব।”
ঘটনার সূত্রপাত ফ্রান্স ও প্যারাগুয়ের বিশ্বকাপ ম্যাচকে ঘিরে। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের পর এমবাপ্পের কিছু আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন সিনেটর আমারিলা।
এক পোস্টে তিনি এমবাপ্পেকে বর্ণবাদী ভাষায় আক্রমণ করেন এবং তাকে ‘উপনিবেশিত ক্যামেরুনীয় ফরাসি’ বলে কটাক্ষ করেন। আরেক পোস্টে প্যারাগুয়ের গোলরক্ষককে এমবাপ্পের প্রতি অশালীন আচরণের পরামর্শ দেন।
এর জবাবে এমবাপ্পে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমারিলা প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না এবং তার মন্তব্য ঘৃণা ও বর্ণবাদ ছড়াচ্ছে। তিনি বলেন, এমন আচরণের মাধ্যমে প্যারাগুয়ের খেলোয়াড়দের সম্মানজনক বিশ্বকাপ যাত্রাও আড়ালে পড়ে গেছে।
এ ঘটনায় ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে আমারিলার মন্তব্যকে “জঘন্য ও অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানিয়েছে। প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা বলেন, ফুটবলে বৈষম্যের কোনো স্থান নেই। দেশটির কংগ্রেস সদস্য জোহানা ওর্তেগাও মন্তব্যের সমালোচনা করে ফরাসি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
এদিকে মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ৭ গোল, যা তাকে লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের সঙ্গে গোলদাতাদের তালিকার শীর্ষে রেখেছে। আগামী ৯ জুলাই মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরও গোলের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন এই ফরাসি তারকা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত