মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তাঁর প্রতিনিধি দল সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিটি কর্পোরেশনে পৌঁছালে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি সিলেট নগরীর পরিচালনা ব্যবস্থা, জনসেবা কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবগত হন।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এ ধরনের সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।
পরে সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধি দল সিলেটের ঐতিহাসিক স্থাপনা আলী আমজাদের ঘড়ি, ক্বীন ব্রিজ এবং সুরমা নদীর তীর পরিদর্শন করেন।
সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত হওয়ার এ আয়োজনে অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন। প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট শুধু সৌন্দর্যের নগরী নয়, এটি মানুষের আন্তরিকতা, অতিথিপরায়ণতা ও সম্প্রীতির জন্যও বিশেষভাবে পরিচিত। তিনি আশা প্রকাশ করেন, এ সফর সিলেট সম্পর্কে অতিথিদের মনে ইতিবাচক ও স্থায়ী স্মৃতি তৈরি করবে।