আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধ :
একটু ভারী বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাচ্ছে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ কবিতা চত্বর–বিয়াম ল্যাবরেটরি স্কুল সড়ক। এতে করে পৌরসভার সর্ববৃহৎ ১ নম্বর ওয়ার্ডসহ বৃহত্তর কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুঁটকি মহাল নাজিরারটেকের সঙ্গে শহরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
জানা গেছে, এই জলাবদ্ধতার কারণে প্রায় ৯০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এসব এলাকায় বসবাস করেন প্রায় ১২ হাজার ভোটারসহ হাজার হাজার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর ও সাধারণ মানুষ। বৃষ্টি শুরু হলেই কারও অফিসে পৌঁছাতে দেরি হয়, কারও স্কুল-কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়, আবার জীবিকার তাগিদে অনেককে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে হয়।
শুধু ১ নম্বর ওয়ার্ড নয়, জলাবদ্ধতার কবলে পড়ছে পৌরসভার আরও কয়েকটি এলাকা। এর মধ্যে রয়েছে ২ নম্বর ওয়ার্ডের নুনিয়ার ছড়া, ৭ নম্বর ওয়ার্ড পাহাড়তলী, ৯ নম্বর ওয়ার্ড ঘোনাপাড়া এবং ১০ নম্বর ওয়ার্ডের কলাতলী লাইটহাউজ পাড়া। সামান্য বৃষ্টিতেই এসব এলাকার সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়।
একটি আধুনিক ও পর্যটননির্ভর শহর হিসেবে কক্সবাজারের মানুষের ন্যূনতম প্রত্যাশা নিরাপদ ও সচল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু বছরের পর বছর ধরে জলাবদ্ধতার এই সমস্যা স্থায়ী রূপ নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
শহরবাসীর অভিযোগ, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা ও টেকসই পরিকল্পনার অভাবে গুরুত্বপূর্ণ সড়কগুলো বারবার পানিতে ডুবে যাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ পরিস্থিতিতে কক্সবাজার শহরের মানুষ জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও স্থায়ী সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।