1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সার্কের সংকট রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)–এর বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িত প্রাতিষ্ঠানিক দুর্বলতাও- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে সার্ক বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।
সোমবার (৭ জুলাই) রাজধানীতে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সার্ককে আবারও কার্যকর ও বাস্তবসম্মত আঞ্চলিক সংস্থায় রূপ দিতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করবে।
তিনি বলেন, “সার্কের পুনরুজ্জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”
শামা ওবায়েদ আরও জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্কের সব সদস্য দেশের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এসব আলোচনায় সার্ককে পুনরায় সক্রিয় করার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু সার্ক নয়, বিমসটেক–এর সঙ্গেও সমানভাবে যুক্ত থাকবে। আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে এই দুটি প্ল্যাটফর্মই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত