1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাছির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার নিন্দা দিরাই উপজেলা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দিরাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ–সহযোগী সংগঠনগুলো।
সোমবার (৬ জুলাই) দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বর্তমান সরকার ও স্থানীয় সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ‘হাওর মানবিক সহায়তা কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সহায়তা কার্ডের সংখ্যা সীমিত থাকায় সব ক্ষতিগ্রস্ত কৃষককে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বয়ে যাচাই–বাছাই করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মানববন্ধন, মিছিল–মিটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমনকি সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ও ছবি প্রচার করে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ তোলেন।
এ ধরনের অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা গণমাধ্যমকর্মীদের তথ্য–উপাত্ত যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বানও জানান তারা।
সংবাদ সম্মেলনে দিরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত