1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দিরাইয়ে ড্রেন ইস্যুতে প্রকৌশলীর বক্তব্য ঘিরে বিতর্কের ঝড়, এলাকায় তীব্র প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য্যের কথিত মন্তব্যসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অডিওতে শোনা যায়, মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের এক বাসিন্দা ড্রেন নির্মাণের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রকৌশলী বলেন, “এখন আর কোনো ড্রেন নাই, টেন্ডার নাই।” পরে তিনি আরও বলেন, “কোনো প্রক্রিয়ায় নাই” এবং “এটা টেন্ডার হবে না।”
অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ওই এলাকায় শতাধিক পরিবার জলাবদ্ধতার শিকার হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগে ড্রেন নির্মাণের জন্য লিখিত আবেদন করা হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। একই সময়ে পৌরসভার অন্যান্য এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও তাদের এলাকা অবহেলিত রয়েছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর ভাষ্য, অডিওতে প্রকাশিত মন্তব্য তাদের ক্ষোভ আরও বাড়িয়েছে।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য্য বলেন, তিনি বর্তমানে হাসপাতালে রয়েছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।
পৌর প্রশাসক ও এসিল্যান্ড জিয়াউল হাসান সৌরভ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত