1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শায়েস্তাগঞ্জের সাবেক ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আটক
নিজস্ব প্রতিবেদক
সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কলম চাঁন আবুনি হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।
পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকোট এলাকায় অভিযান চালিয়ে ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ফারুক আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি ওই হত্যা মামলার প্রধান আসামি।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকেলে ব্রাহ্মণডোরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কলম চাঁন আবুনি (৬৫)। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাবুল মিয়া বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত হামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।
ওসি মো. আবুল কালাম জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত