1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মধ্যনগরে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে দিশারী এডুকেশন ট্রাস্ট এবং প্রাথমিক শিক্ষা পরিবার, মধ্যনগর উপজেলার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন আয়ান রহমান এবং গীতা পাঠ করেন আদ্রিতা তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক পূর্ণিমা রানী চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দিশারী শিক্ষা একাডেমির সভাপতি আবুল বাশার তালুকদার। পরে পৃথক পর্বে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে তাঁকে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষিত জাতি গঠনের ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিশারী এডুকেশন ট্রাস্টের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের বিত্তবানদেরও শিক্ষা উন্নয়নে এগিয়ে আসা উচিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা এবং দিশারী শিক্ষা একাডেমির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মৌজালী তালুকদার।
অনুষ্ঠান শেষে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ, মানসম্মত বই এবং নগদ অর্থ বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত