1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নজরুলবর্ষে ত্রিশালকে জাতীয় কবির শহর ঘোষণার উদ্যোগ, নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ত্রিশালকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি ঘোষণা করা যায় কি না, তা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নজরুলবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করতে গিয়ে তিনি এ নির্দেশনার কথা জানান।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নজরুলবর্ষের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য ও সৃষ্টিকে দেশীয় পরিসরের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। একইভাবে এ দেশের মানুষও তাকে গভীর ভালোবাসায় ধারণ করেছে। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে নজরুল ছিলেন প্রধান দিশারি, আর দেশের সব আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টিকর্ম ছিল অনুপ্রেরণার মূল শক্তি।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমানভাবে প্রাসঙ্গিক। তাই নজরুলবর্ষকে ঘিরে নানা আয়োজনের মাধ্যমে জেলা-উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সারা বছর এটি সফলভাবে পালন করা জরুরি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা চালালেও ঐক্যবদ্ধ থাকাই চিরায়ত বাঙালির বৈশিষ্ট্য। সরকার শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণী যেন হিংস্রতার শিকার না হয়, সেটিও নিশ্চিত করতে চায়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত