1
2
| প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঘুষের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউএনওর পক্ষে তেতুঁলিয়ায় প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু–কে ঘিরে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকালে তেতুঁলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার প্রায় সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সাজানো ও ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো দুঃখজনক ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় দাপ্তরিক পরিবেশ বিঘ্নিত হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, মিথ্যা অভিযোগে একজন কর্মকর্তার মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শওকত আলী বলেন, সাম্প্রতিক ঘটনাটি আমাদের সবাইকে নাড়া দিয়েছে। একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ইউএনও’র বিরুদ্ধে অপবাদ ছড়ানো হয়েছে। সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
এ সময় আলমগীর হোসেন, ২ নম্বর তিরনই হাট ইউনিয়নের চেয়ারম্যান, বলেন, দীর্ঘদিন ইউএনও’র সঙ্গে কাজ করেছি, কখনো অনিয়ম দেখিনি। অভিযোগটি বানোয়াট ও ভিত্তিহীন বলে মনে করছি। তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার দাবি করছি।
সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু দাপ্তরিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত