1
2
| প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
উৎসবমুখর পরিবেশে ঢাকায় শুরু ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’
নিজস্ব প্রতিবেদক
চিংনুমং মারমা :
‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা ২০২৬। আজ শুক্রবার (২৭ জুন, ১৩ আষাঢ়) ঢাকার ৩৩ বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স-এ উৎসবমুখর পরিবেশে মেলার শুভ উদ্বোধন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৯ জুন (১৫ আষাঢ়) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য অঞ্চলের সংসদ সদস্যরা। তাদের মধ্যে ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু, খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় ফলমূল ও সমৃদ্ধ কৃষি ঐতিহ্যকে সমতলের মানুষের কাছে তুলে ধরা এবং দুর্গম এলাকার পাহাড়ি চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাই এই মেলার মূল উদ্দেশ্য। একই সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বান্দরবান জেলা বিএনপির একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মেলায় আগত দর্শনার্থীরা জানান, ঢাকার কেন্দ্রস্থলে পাহাড়ি আম, কাঁঠাল, আনারস, পেঁপে, কলাসহ নানা ধরনের অর্গানিক ও সুস্বাদু ফলের স্বাদ নেওয়ার সুযোগ সত্যিই আনন্দদায়ক। আগামী দুই দিনে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই পাহাড়ি ফল মেলা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত