সিলেট জেলা প্রতিনিধি :
দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)–এর ২০২৬–২০২৮ মেয়াদের সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের মধ্যে সর্বসম্মতিক্রমে পদ বণ্টনের মাধ্যমে এ কমিটি চূড়ান্ত করা হয়।
গত ১৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে সিলেট শাখায় ৭ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরদিন ১৫ জুন পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এনামুল কুদ্দুস চৌধুরীকে চেয়ারম্যান, পার্থ চৌধুরীকে ভাইস-চেয়ারম্যান এবং আবু সাঈদ মো. তাইফ (তায়েফ) কে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
এ ছাড়া মো. গোলাম কিবরিয়াকে জয়েন্ট সেক্রেটারি, হাবিবুর রহমানকে কোষাধ্যক্ষ এবং মো. ফরহাদ হোসেন ও সৈয়দ রেজওয়ানুল হককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিসিএসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিলেটসহ বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল শাখার দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন কে. এম. এইচ শহিদুল হক। বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন।
নবগঠিত এই কমিটি আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।
উল্লেখ্য, নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী ২০০৪ সাল থেকে তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রয় ও ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি সিলেট কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি এবং ২০১৪–১৫ সেশনে বাংলাদেশ কম্পিউটার সমিতির জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
সেক্রেটারি আবু সাঈদ মো. তাইফ (তায়েফ) জিন্দাবাজারের প্লানেট আরাফ, সিলেট কম্পিউটার সিটিতে অবস্থিত ‘কম্পিউটার ওয়ার্ল্ড’-এর স্বত্বাধিকারী। নতুন কমিটির নেতৃত্বে সিলেট অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।