1
2
| প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বর্জ্য ব্যবস্থাপনাকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত করছে সরকার : পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
পরিবেশ সুরক্ষায় সরকার একাধিক নতুন ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি জানান, নগর ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দেশের অধিকাংশ সরকারি ও বাণিজ্যিক কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হওয়ায় পরিবেশ রক্ষা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চাপ কমাতে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে সরকার অগ্রসর হচ্ছে।
দূষণ নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে পরিবেশমন্ত্রী জানান, উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে তিন বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
মন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংক-এর সহায়তায় সরকার ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ এবং উৎপাদন ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি রাজধানীর আমিন বাজার এলাকায় কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি আধুনিক প্লান্ট বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত