1
2
| প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত, চীনা বিনিয়োগকারীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে চীনে একটি বাংলাদেশি বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণাও দেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অভিযোগ আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে। নতুন ব্যবস্থায় সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই বিনিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ নিশ্চিত করা হবে।
সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, নীতিগত সহায়তা ও সুযোগ-সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এতে চীনের ১২৫ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নেন।
চীনা ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, আন্তর্জাতিক পুঁজি ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করতে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত