1
2
| প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশন-এ পৌঁছান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্টেশনে তাঁকে স্বাগত জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের মন্ত্রী ও চীনের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি সুন মেইজুন। এ সময় শিশু-কিশোরেরা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়।
আনুষ্ঠানিক অভ্যর্থনার অংশ হিসেবে চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্টহাউস-এ নিয়ে যাওয়া হয়। বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই থাকবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সেক্রেটারি **জাহিদুল ইসলাম রনি**সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেইজিংয়ে আসার আগে সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ানের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত ওই সেশনে তিনি বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু ইস্যুতে বক্তব্য দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ও চীনে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত