1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের দাবি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করারও দাবি জানান তিনি।
মঙ্গলবার (২৩ জুন) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর “ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ” শীর্ষক সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি চীনের ডালিয়ান শহরের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি ব্যবহার, পর্যাপ্ত অর্থায়ন এবং যৌথ বৈশ্বিক অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসতে হবে, একই সঙ্গে সবুজ জলবায়ু তহবিলকে কার্যকর করতে হবে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন আরও সহজ করতে হবে।
সম্মেলনস্থলে তাকে স্বাগত জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। পরে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চীনের ডালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন চলছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত