1
2
| প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আগস্টে শুরু হচ্ছে ঢাকা–পাবনা সরাসরি ট্রেন, যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আশা
নিজস্ব প্রতিবেদক
মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :
আগামী আগস্ট মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পাবনার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সড়কপথে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্যও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা–পাবনা রুটে সরাসরি ট্রেন পরিচালনার জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন যাত্রীবাহী কোচ দেশে পৌঁছাবে। সেগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই এই রুটে ট্রেন চালু করা হবে।
তিনি আরও জানান, একই সময়ের মধ্যে ঢাকা–খুলনা রুটেও সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক–শ্রমিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয়দের মতে, এই রুটে এখন পর্যন্ত যাত্রীদের পুরোপুরি সড়ক পরিবহনের ওপর নির্ভর করতে হয়। এতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়, সেবার মান নিয়ে অভিযোগ এবং একটি প্রভাবশালী পরিবহন চক্রের নিয়ন্ত্রণ নিয়ে অসন্তোষ ছিল। সরাসরি রেলসেবা চালু হলে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গেও আলোচনা হয়। মন্ত্রী জানান, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ শুরু হয়েছে। জনস্বার্থ বিবেচনায় দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যরা, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত