1
2
| প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ছাগলছানা তুলতে নেমে পরিত্যক্ত কূপে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলছানাকে উদ্ধার করতে গিয়ে একে একে কূপে নামেন তারা। শেষ পর্যন্ত কূপের ভেতর থেকেই চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার (২০ জুন) সকাল আটটার দিকে টেলকি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)। তারা সবাই গারো সম্প্রদায়ের সদস্য।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি ছাগলছানা পাশের পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটি তুলতে প্রথমে কূপে নামেন কিশোর নেইমার ম্রং। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে দুশ্চিন্তায় কূপে নামেন তার বাবা বাবুল হাদিমা। এরপর তাদের খোঁজে একে একে নামেন গাব্রিয়াল এবং সবশেষে রতন নকরেক।
কিন্তু কূপের ভেতরে নামা চারজনের কেউই আর ওপরে ফিরে আসেননি। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে উদ্ধারকর্মীরা কূপের ভেতর থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কূপের ভেতরে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের স্বল্পতার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের একাধিক সদস্যসহ চারজনের এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মাঝে গভীর বেদনা ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত