1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত, সভাপতির দায়িত্ব বণ্টন
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন, যা পরে কণ্ঠভোটে অনুমোদিত হয়।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান। ৯০ বছর বয়সী এই সংসদ সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
দুটি কমিটিই ১০ সদস্যবিশিষ্ট। এতে বিভিন্ন দলের সংসদ সদস্যদের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মোট ১০ জন সদস্য রয়েছেন। একইভাবে আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতেও সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভিন্ন আসনের সংসদ সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।
এর আগে গত ১০ জুন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। মোট ৫০টি স্থায়ী কমিটির মধ্যে রোববার পর্যন্ত আটটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। পাশাপাশি সংসদে আরও দুটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত