1
2
| প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জেন্ডার সমতা নিশ্চিত করতে বরগুনায় সুশীল সমাজের আলোচনা
নিজস্ব প্রতিবেদক
জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :
নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে বরগুনায় জেন্ডার সমতা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বরগুনা প্রেসক্লাব ও হোটেল বে অব বেঙ্গলের মিলনায়তনে এ সংলাপের আয়োজন করা হয়।
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট উই ক্যান এর উদ্যোগে আয়োজিত এই সংলাপে সহযোগিতা করে সুকতারা মহিলা সমিতি ও সিবিডিপি।
‘নাগরিক শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম কথোপকথন’ এবং ‘সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে জেন্ডার সমতা বিষয়ে সংলাপ’ শীর্ষক এই আয়োজনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৮০ জন প্রতিনিধি অংশ নেন। সংলাপে সভাপতিত্ব করেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উই ক্যানের নির্বাহী পরিচালক জিনাত আরা হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রূপ কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি তাসনিম হোসাইন প্রমি এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।
বক্তারা বলেন, জেন্ডার সমতা শুধু নারীর উন্নয়নের প্রশ্ন নয়; এটি একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও টেকসই সমাজ গঠনের অপরিহার্য শর্ত। নারীর প্রতি সহিংসতা, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে নারী ও পুরুষ উভয়ের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে জিনাত আরা হক বলেন, জেন্ডার সমতা মানবিক ও সামাজিক ন্যায়ের একটি মৌলিক বিষয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সংলাপে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জেন্ডার সমতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন ও সহিংসতামুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত