1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মোসাদ্দেক–নাহিদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
১৮ জুন ২০০৫, কার্ডিফের সোফিয়া গার্ডেন্স। মোহাম্মদ আশরাফুল এর সেঞ্চুরিতে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয় আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে গাঁথা। দীর্ঘ দুই দশক ধরে সেটিই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র জয়।
অবশেষে ২১ বছর পর, আবারও জুন মাসেই এলো সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় জয়। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশ জিতেছে ৮৬ রানে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাঁর ব্যাট ও বলের দাপটে ধরাশায়ী হয় সফরকারীরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান। মোসাদ্দেক ৭ চার ও ৩ ছক্কায় ৭০ বলে অপরাজিত ৮৬ রান করেন। শুরুতে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে।
লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান–এর প্রথম দিকের আঘাতে রান তাড়া কঠিন হয়ে যায়। এরপর গতির ঝড় তোলেন নাহিদ রানা। ১০ ওভারে ৪১ রান দিয়ে তাঁর ৪ উইকেট অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর সব সম্ভাবনা শেষ করে দেয়। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেকও বল হাতে নেন ২ উইকেট।
৪২.২ ওভারে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৯১ রানে থাকতেই বজ্রপাত ও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মোসাদ্দেক হোসেনের হাতে। তিন ম্যাচের সিরিজে এই জয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
মিরপুরেই আগামী বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত