অনলাইন ডেস্ক :
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে সখিপুর–সাগরদিঘী সড়কের কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।
তিনি জানান, ভোরের দিকে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান।
পরে মরদেহগুলো উদ্ধার করে সখিপুর থানায় নেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।