1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘সাইনিং লাইফ’ থেরাপি সেন্টারের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আধুনিক, বিজ্ঞানসম্মত ও পরিবেশবান্ধব স্কুল ও থেরাপি সেন্টার ‘সাইনিং লাইফ’–এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিএনএসবি চক্ষু হাসপাতাল রোড সংলগ্ন তিনতলা ভবনে ব্রেইন ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল ডা. মো. সাদেক আলী। তিনি বলেন, উত্তরবঙ্গে এ ধরনের মানসম্মত থেরাপি সেন্টার আগে না থাকায় অনেক অভিভাবককে সন্তানদের চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশে যেতে হতো। নতুন এই উদ্যোগ অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ থেরাপি বিশেষজ্ঞদের মাধ্যমে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে দেশের মধ্যে একটি মডেল সেন্টারে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি অধ্যাপক ডা. সারওয়ার মোর্শেদ আলম–এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান তরুণ এবং কোষাধ্যক্ষ হাফিজুর রহমান জেমি। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদ আলী মঙ্গোলিয়া, ক্যান্সার রিসার্চ সেন্টার দিনাজপুরের সভাপতি ডা. মো. হাফিজুল ইসলামসহ বিভিন্ন চিকিৎসক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আকুপেশনাল থেরাপিস্ট ও স্পিচ থেরাপিস্টরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুনর্বাসন ও উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। অভিভাবকদের পক্ষ থেকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সফিকুজ্জামান ও রুমানা আরাফাত বক্তব্য দেন।
উদ্বোধনের মাধ্যমে দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে আয়োজকরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত