1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ওসমানীনগর প্রেসক্লাবে সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন–এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সাংবাদিক শেখ ফয়ছল আহমদ, ইব্রাহিম খান ইমন, ফজলু মিয়া, আনু মিয়া, সুবল চন্দ্র দাস ও জুয়েল মিয়া।
বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই বেড়েছে। তাই সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। পাশাপাশি অপসংবাদ ও গুজব প্রতিরোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, সমাজ উন্নয়ন, গণসচেতনতা সৃষ্টি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওসমানীনগর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার বিষয়ে মতামত দেওয়া হয়।
শেষে উপস্থিত সদস্যরা সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত