1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আয়ারল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
আয়ারল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও তাদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার নীতিকে সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড সরকার।
শুক্রবার (৫ জুন) দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, বেন-গভির ও স্মোট্রিচের অবস্থান ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে নির্মূল করার আকাঙ্ক্ষারই প্রতিফলন। তিনি জানান, এমন বক্তব্য ও কর্মকাণ্ড মানবাধিকার ও আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী।
আয়ারল্যান্ডের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই ইসরায়েলি মন্ত্রী দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রবেশাধিকার না দিতে অভিবাসন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মার্টিন গাজামুখী মানবিক সহায়তা বহরে অংশ নেওয়া ফিলিস্তিনপন্থী কর্মীদের সঙ্গে আচরণের প্রসঙ্গও তোলেন। সম্প্রতি আটক কর্মীদের নিয়ে বেন-গভিরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, ২০২২ সালে ইসরায়েলের সরকারে যোগ দেওয়ার পর থেকেই বেন-গভির ও স্মোট্রিচ ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিকরণ এবং গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে আসছেন। তাদের এই কট্টর অবস্থানের জেরেই এবার ইউরোপের একটি দেশের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ এলো।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত