1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় আটকে ১০ জন
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওই চেষ্টা সফল হয়নি। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।
শুক্রবার (৫ জুন) ভোররাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫–এর কাছে ভারতের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ভারতের বিএসএফ–এর ৯৩ টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ওই ১০ জনকে বাংলাদেশে জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করে।
বিজিবি জানায়, ভোররাতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের গেট খুলে দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশের দিকে পাঠানো হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ–এর একটি টহল দল তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে সরে যায়। বর্তমানে তারা শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে ভারতীয় অংশে অবস্থান করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহল দল সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে সম্ভাব্য অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে উঠান বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, বিজিবির বাধার কারণে পুশইনের চেষ্টা করা ১০ জন বর্তমানে ভারতের শূন্যরেখার কাছেই অবস্থান করছে। সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত