1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দিনাজপুরের বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শালবাগান থেকে রাসেল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকালে মরদেহটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত রাসেল উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের বাসিন্দা এবং মো. শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে লিচু সংগ্রহের কাজে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি শালবাগানে একটি গাছের সঙ্গে রাসেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বিষয়টি পুলিশকে জানান।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনিসহ বীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই নাজমুল ইসলাম জানান, রোববার রাত ১১টা থেকে ১২টার মধ্যে রাসেল বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর সে বাড়ি ফেরেনি।
এদিকে এসআই দিপু জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং ওই স্থান থেকে রক্তক্ষরণ হয়েছে। বাম পায়েও আঘাতের চিহ্ন দেখা গেছে।
বীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বাদশা রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১ জুন রাত সাড়ে ১২টা থেকে ২ জুন ভোর সাড়ে ৫টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত