1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হরমুজ প্রণালি নিয়ে কোনো ধরনের পিছু হটার প্রশ্নই আসে না : ইরান
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বর্তমান প্রক্রিয়া কোনো অস্থায়ী ব্যবস্থা নয় এবং এ অবস্থান থেকে সরে আসারও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান।
দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ইরানের একটি স্থায়ী কৌশলগত নীতির অংশ। তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট এবং এতে কোনো ধরনের আপস করা হবে না।
এদিকে, ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও ড্রোন ঘাঁটিতে আত্মরক্ষামূলক হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি ‘এমকিউ-১ রিপার’ ড্রোন ভূপাতিত হওয়ার পর ওই হামলা চালানো হয়।
অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিকম টাওয়ারে হামলার জবাবে বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধবিমানগুলো সেই বিমানঘাঁটিতে হামলা চালায়, যেখান থেকে আগ্রাসন চালানো হয়েছিল। এতে নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়।
তবে আইআরজিসি ওই বিমানঘাঁটির অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এ ঘটনাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত